Saturday, June 18, 2016

আমার মা

নিজেকে যখন আয়নার সামনে দাড়িয়ে দেখি আমার খুব অবাক লাগে । নিজেকে চিনতে পারি না আমি । এই আমি এতোটা পরিবর্তন হয়েছি ? আজ আমি আর সেই ছোট্টটি নেই , আজ আমার বয়স হয়েছে । আজ আমার চুল পেকেছে । আজ আর আমার কপালে নেই সেই লাল টিপ । আজ আমার কপালে পড়েছে বার্ধক্যের ছাপ । চোখে এসেছে চশমা । আজ আমি আর আগের মতো দেখতে পাই না । এই তো সেদিনও মনে হয় আমি কতো ছোট । বাবার কনিষ্ঠ আঙ্গুল ধরে আমি হাঁটছি বাড়ির উঠানে । মা আমার চুল বেণী করে দিচ্ছে । আমি খেলা করছি পাড়ার ছেলে-মেয়েদের সাথে । কেউ যেন মনে হয় আমাকে পিছন থেকে ডাকছে । এই তো সেদিন মা আমাকে ডেকে বলল আমি বড় হয়েছি । এখন আর আমার বাহিরে খেলতে যাওয়া হবে না । আমি হয়ে পড়লাম একা । তারপর কোন এক অজানা রাজকুমার এসে আমাকে নিয়ে গেল তার রাজ্যে । আমি তার হাতটা ধরে ছিলাম খুব শক্ত করে । বলেছিলাম কখনো কি ছেড়ে যাবে ? বলেছিল লক্ষ্মী বউ আমার আমি কি কখনো থাকতে পারবো তোমাকে ছেড়ে ? কিন্তু ও কথা রাখে নি । কোন একদিন আমাকে একা ফেলে চলে গেলো অজানা কোথাও । আমি কেঁদেছিলাম । হ্যাঁ সেদিন খুব কেঁদেছিলাম । আমি দেখেছিলাম আমার ছেলে-মেয়েগুলোর কান্না । চিৎকার করে কাঁদছে ওরা । বলছে বাবার কাছে যাবো । ‌মানিক আমার যাদু আমার ! আমি কি তোদের বাবার কাছে যেতে দিতে পারি ? তাহলে আমাকে দেখবে কে ? কি নিয়ে বাঁচবো আমি ? আমি সেদিন দেখেছিলাম আমি কতোটুকু কাঁদতে পারি । দেখেছিলাম আমার চোখে কতোটা পানি । দেখেছিলাম নিজের স্বামীর মৃত্যুটা !
জানো তো আজও আমি তোমার জন্য কাঁদি । কিন্তু এখন আর তুমি এসে বলো না , আমার ভুল হয়েছে আর কখনো তোমাকে ছেড়ে যাবো না । আজ আর আমার পাশে তুমি নেই । আছে শুধু তোমার রেখে যাওয়া স্মৃতি । তোমার দেয়া স্মৃতিগুলো আজও আমি আমার মাঝে আগলিয়ে রেখেছি । তুমি আজ দূরে , সত্যি অনেক দূরে । সাথী হারা জীবনে আজ যে আমি সত্যি ক্লান্ত । আমারও যে ইচ্ছে করে দূরে কোথাও হারিয়ে যেতে । কিন্তু আমাকে তো বাঁচতে হবে আমার সন্তানদের জন্য । সময়ের বিবর্তনে আজ আমি অনেক কেই হারিয়েছি । বাবাকে হারিয়েছি , মাকে হারিয়েছি । হারিয়েছি অনেক প্রিয় মুখ । হারিয়েছি আমার ভালোবাসার মানুষটাকেও । এখন হয়তোবা নিজেরই হারিয়ে যাওয়ার অপেক্ষা ।
এই তো সেদিন আমি নিজেই ছিলাম আমার মায়ের কোলে । অথচ আজ আমি নিজেই একজন মা । আজ আমার মেয়েও অন্য আরেকটা মেয়ের মা । মেয়েটাও একদিন মা হবে । দেবে ভবিষ্যৎ আরেকটা মায়ের জন্ম । পৃথিবী কখনো মায়ের ভালোবাসা হারাবে না । মা না থাকলে পৃথিবীতে যে জীবনের অস্তিত্ব থাকতো না । থাকতো না আর অন্য কোন ভালোবাসা । থাকতে না তুমি থাকতো না আমার কোন কল্পনা । ভাবতো একবার জীবন বিহীন একটা পৃথিবীর কথা । যেখানে নেই কোন ভালোবাসা । আছে শুধুই নির্জীবতা । যেখানে নেই মা , সেখানে তুমি অস্তিত্বহীন । কল্পনা করো একবার তোমার নিজের জীবনের অস্তিত্ব । মনে করার চেষ্টা কর আরেকবার তোমার সেই বাল্যকালের স্মৃতিগুলো । জানো তো মা হওয়ার কষ্টগুলো একটু আলাদা । আমার ছেলের যখন মন খারাপ থাকে তখন আমার মনটা যে কতো কাঁদে সেটা কি ও বুঝতে পারে ? আজ ছেলে বড় হয়েছে । ওর নিজের আলাদা একটা জীবন হয়েছে । সে জীবনে কি আমাকে একটু সময় দেয়া যাবে না ? আমার জীবনটা তো ওকে নিয়েই ঘেরা । ও ছাড়া যে আমার জীবনটা অন্ধকার ও কি সেটা বুঝতে পারে না ?
.

No comments:

Post a Comment